রুমমেটকে ছুরিকাঘাত
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৩:০৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ১৩:০৫ পিএম
জালাল আহমদ জালাল। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে রুমমেটকে ছুরিকাঘাতের পর বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের সহযোগিতায় জালালকে হেফাজতে নেয় পুলিশ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন রুমমেট জালাল আহমদ। গুরুতর আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত রবিউল বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করছিল। আমি ঘুম থেকে উঠে তাকে বলি, সকালে লাইব্রেরিতে যেতে হবে, অযথা শব্দ না করতে। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে বহিরাগত বলে গালাগাল করে এবং পরে ছুরি দিয়ে আঘাত করে।
প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশকে জানিয়ে মামলা দায়ের করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। আজকের ঘটনার পর সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।
এ ঘটনার পর মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন অনেক শিক্ষার্থী। এ বিষয়ে প্রক্টর বলেন, শিক্ষার্থীরা চাইলে উপাচার্যের সঙ্গে বসে তাদের দাবি আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিবেচনা করবে।