বার কাউন্সিলের সভা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ০০:৫১ এএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) নিলুফার শিরিনকে ঘুষ দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের আইনজীবী সনদ স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এর ফলে তিনি এখন আইন পেশা পরিচালনা করতে পারবেন না।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে অবস্থিত বার কাউন্সিল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রাজজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলাপাড়ায় সংঘটিত একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামির জামিন নিশ্চিত করতে অ্যাডভোকেট রুহুল আমিন বিচারকের বাসায় ৫০ হাজার টাকা ও মামলার নথি পাঠান। এর আগে হোয়াটসঅ্যাপে তিনি বিচারকের কাছে আসামির জামিনের জন্য তদবিরও করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিচারক নিলুফার শিরিন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত বুধবার সকাল ৯টার দিকে তার বাসার গৃহপরিচারিকার মাধ্যমে মামলার নথিপত্রসহ ৫০ হাজার টাকার একটি বান্ডিল পাঠান পিপি রুহুল আমিন।
এ ছাড়া দুই শিশু গৃহপরিচারিকাকে অমানবিক অত্যাচার করায় বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী ওমর শোয়েবের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের জন্য বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী কাউন্সিল সভায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
এ সময় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ বার কাউন্সিলের সদস্যরা, কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারসহ বাংলাদেশের সব আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।