রাজশাহী অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৩:৫০ পিএম
রাজশাহীর একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার সকাল থেকে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত আহলে হাদিস মসজিদের পূর্বে অবস্থিত ডক্টর ইংলিশ কোচিংসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশপাশের বিভিন্ন মেস এবং বাড়ি থেকে আরও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটি পরিচালনা করেন রাসিকের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য। অনিন্দর বাবা লাটকু কামারুজ্জামানের ভাই। এই কোচিংয়ের পাশেই লিটনের পিতা কামারুজ্জামানের বাড়ি ও মাজার অবস্থিত। তার বাবা শফিউল আলম লাটুকু।
যৌথবাহিনী অভিযান চালিয়ে দুটি বিদেশী এয়ারগান, একটি রিভলবার, ছয়টি কার্টিজ, ইয়ারগান শিশা গুলি ৩ বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ছয়টি, জিপিএস একটি, ওয়াকিটকি চারটি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে।
তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি।