ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৪:০৫ পিএম
সাজু কুমার ত্রিপুরা। প্রবা ফটো
চট্টগ্রামের ভূজপুর থানার হারুয়ালছড়ি রাঙ্গাপানি চা বাগান এলাকা থেকে পুলিশ পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২২ ঘণ্টা পার হলেও তার খোঁজ মেলেনি। এ ব্যাপারে ভূজপুর থানায় অভিযোগ দাখিল হয়েছে তার পরিবার।
অপহৃতের পরিবারের দাবি, শনিবার গভীররাতে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ছেলের মুক্তির জন্য ৪০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। অপহরণ হওয়া কিশোর হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি নলুয়াপাড়া এলাকার ব্যবসায়ী দিলীপ কুমার ত্রিপুরার ছেলে।
পরিবার সুত্র জানা যায়, ৯ আগস্ট রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতের খাওয়া দাওয়া শেষ করে মুদির দোকানে ঘুমাতে যান সাজু কুমার ত্রিপুরা ও তার বড়ভাই রাজু ত্রিপুরা। রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা তিনজন দোকানের সামনে এসে পুলিশ পরিচয়ে দোকান খুলতে বলেন। পরে সাজু ও রাজু দোকান খুললে তাদের কাছ থেকে পান ও সিগারেট কেনেন। পরে পুলিশের পোষাক পরিহিত অজ্ঞাত লোকটি সাজু ত্রিপুরাকে (১৭) ডেকে একজন আসামির বাড়ি দেখিয়ে দিতে বলে। সাজু সামনে এগিয়ে গেলে তারা তাকে জোরপূর্বক সাদা একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত সাজুর পিতা দিলীপ কুমার ত্রিপুরা বলেন, ‘গতকাল গভীর রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ছেলের মুক্তিপণ হিসেবে ৪০ লাখ টাকা দাবি করে। এরপর থেকে নম্বরটি বন্ধ রয়েছে। নিরাপদ ও সুস্থ্ অবস্থায় আমি আমার ছেলেকে ফেরত চাই।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘গতকাল রাতে আমার ইউনিয়ন থেকে একটি ছেলে অপহরণ হয়েছে। এখনো তাকে উদ্ধার করা যায়নি।’
এ ঘটনা সম্পর্কে জানতে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হককে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। পরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ মুঠোফোনে বলেন, ‘গতকাল রাতে সুকৌশলে কিশোরকে পুলিশের পোশাক পরিধান করে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।’