গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১০:২১ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে মামলাটিতে মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারদের একজন শাহজালাল (২৫)। তিনি কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শাহজালাল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।
অন্যজন মো. ফয়সাল হাসান (২৩)। তিনি পাবনার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে। গত রাতে নগরীর চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, পুলিশ ও র্যাব যৌথ অভিযানে আরও পাঁচজনকে আটক করেছিল, যারা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তায় আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা। তারা দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করেছিলেন। সাংবাদিক আসাদুজ্জামান সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন। তখন আসাদুজ্জামানকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়।