খুলনা অফিস
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১২:৫৮ পিএম
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন উত্তর হরিণটানার শিশুবাগান এলাকায় ছাত্রদলকর্মী সাগর মোল্লাকে (২৭) ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রাজুর (৩০) নেতৃত্বে ৮-১০ জন অজ্ঞাত দুর্বৃত্ত সাগর মোল্লার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে তাকে পিঠের বামপাশে, বাম কোমরের ওপর ও পেটের ডানপাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ৯টা ১৫ মিনিটে সাগরকে সার্জারি বিভাগের ১১-১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী সাগর মোল্লা পূর্ব বানিয়াখামার বড় মসজিদের পূর্ব পাশে বসবাস করেন। তার পিতার নাম রেজাউল মোল্লা।
এ বিষয়ে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছি, তবে তারা কেউই ঘটনার বিষয়ে কিছু জানাতে পারেননি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তদন্তের অগ্রগতি হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।