প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ২৩:২০ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ২৩:৩০ পিএম
নাফিস ফুয়াদ ঈশান। প্রবা ফটো
পাট ও বস্ত্র এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে রাষ্ট্রপতির মিথ্যা ও বানোয়াট ফোনালাপ তৈরি ও প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৭ অক্টোবর) ভোরে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম নাফিস ফুয়াদ ঈশান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যে জানা যায়, নাফিস গত ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশ বিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি মিথ্যা ও বানোয়াট ফোনালাপ তৈরি করে। জনমনে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশে নাফিস ২৪ অক্টোবর ভিডিওটি তার পরিচালিত কোয়ালিটি টিভি নামক ইউটিউব চ্যানেলে প্রচার করে।
নাফিসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কোয়ালিটি টিভি নামক অনলাইন ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। একই সঙ্গে সে কেস টিভি নামক ফেসবুক পেজেরও অ্যাডমিন। নাফিস তার পরিচালিত কোয়ালিটি টিভির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অসৎ উদ্দেশে মিথ্যা এবং বানোয়াট কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিল।
নাফিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।