প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ২২:৪৪ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ২২:৫০ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৫ অক্টোবর) চকরিয়ার রংমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যাক্তির নাম মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ ওরফে ভিন্ডি কামাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত ২৪ সেপ্টেম্বর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন ডাকাতের হামলায় মারা যান।
এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা করা হয়। মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জড়িত বাকি ডাকাতদের গ্রেপ্তারে সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।