প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৯ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৩ পিএম
শায়লা বিথী। ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে সড়ক পার হওয়ার সময় পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। শায়লা বিথীর স্বামী তৈমুর ফারুর তুষার এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তৈমুর ফারুর তুষার বলেন, ‘পর্বতারোহী শায়লা বিথী ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ওভারব্রিজ পার হচ্ছিলো। পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো শুরু করে। হামলায় তার ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন।’
কারা কী উদ্দেশ্যে এ হামলা করেছে তা পুলিশকে বের করতে হবে, দাবি করে তিনি বলেন, ‘দুপুর ২টার পরে দিনের আলোতে এ হামলার দৃশ্য নিশ্চয়ই সিসিটিভিতে রেকর্ড আছে। ফলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা না।’
পরে এক ফেসবুক স্ট্যাটাসে শায়লা বিথী লেখেন, ‘পুলিশ ও মেডিকেলের সকল আনুষ্ঠানিকতা শেষ করে আমি এখন বাসায় আছি। সেফ আছি। অসংখ্য মানুষ আমাকে ফোন করেছেন, ম্যাসেজ দিয়েছেন। কাউকেই রিপ্লাই করতে পারিনি যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই খোঁজ নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনো ট্রমার মধ্যে আছি, স্টিল আমার হাতপা কাঁপছে। আমি মানসিকভাবে স্থিতিশীল হয়ে সবার সাথে যোগাযোগ করব।‘
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, শায়লা বিথী থানায় জিডি করেছেন। জিডির প্রেক্ষিতে আমরা ঘটনা তদন্ত করছি।
শায়লা বিথীর অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ৮টি পর্বতাভিযান, ট্রেকিং ও ট্রেনিং। সর্বশেষ তিনি ২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পর্বতচূড়া জয় করেন। শায়লা বিথী ২০১৬ সালে ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টিনিয়ারিং থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১৮ সালের মে মাসে তিব্বতের লাকপারি (৭ হাজার ৪৫ মিটার) পর্বতচূড়া জয় করেন। ২০১৯ সালের মে মাসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গশ তাশি লাপচা (৫ হাজার ৭৫৫ মিটার) গিরিপথ পার হন। ১ম বাংলাদেশি নারী হিসেবে ২০২১ সালের নভেম্বরে হিমালয়ের বিখ্যাত থ্রি-পাস অতিক্রম করেন।
এছাড়াও শায়লা বিথী ২০১৫ সালে নেপালের মাউন্ট কেয়াজুরির বেসক্যাম্প (১৫ হাজার ৫শ ফুট উচ্চতা) ট্রেকিং করেন। ২০১৬ সালের অক্টোবরে সফলভাবে নেপালের মেরা পর্বতের চূড়ায় (৬ হাজার ৪৭৪মিটার) ওঠেন। ২০১৭ সালের এপ্রিলে নেপালের থ্রংলা পাস (৫ হাজার ৪১৬ মিটার) অতিক্রম করেন। ২০১৭ সালের অক্টোবরে প্রথম বাংলাদেশি দলের অংশ হয়ে মানাসলু সার্কিট (৫ হাজার ১০৬ মিটার) সম্পন্ন করেন।