× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘চোরাচালান-অর্থ পাচার’

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপের বিরুদ্ধে তদন্ত শুরু সিআইডির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫০ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৮ পিএম

দিলীপ কুমার আগরওয়ালা। ছবি : সংগৃহীত

দিলীপ কুমার আগরওয়ালা। ছবি : সংগৃহীত

স্বর্ণ ও হীরা চোরাচালান এবং দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিআইডি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে উন্নত মানের কাচের টুকরোকে প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রয়ের অভিযোগ রয়েছে। তিনি দুবাই-সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতারণার মাধ্যমে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে পাওয়া গেছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য পদ পেয়ে  দিলীপ কুমার আগরওয়ালা তার ব্যবসা প্রতিষ্ঠানের অন্তরালে স্বর্ণ ও ডায়মন্ড চোরচালানের মাফিয়া হয়ে ওঠেন।  আওয়ামী লীগ সরকারের সময়ে চোরাচালান নিয়ন্ত্রণে ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। আনভীরের সঙ্গে মিলে বাংলাদেশ জুয়েলারি সমিতির নেতৃত্ব দখল করেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের মাধ্যমে ব্যবসা করে গত ১৫ বছরে ২৫ হাজার ২০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন বলে শুল্ক গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের সঙ্গে ছবি তুলে সেগুলো মন্ত্রী আমলা ও সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

২০১৭ সালের ১০ অক্টোবর দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগে সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে দিলীপ আগরওয়ালার রাজস্ব ফাঁকিসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ করা হয়। অভিযোগের সূত্র ধরে দুদকের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) দিলীপ আগরওয়ালার আয়কর নথি ও ভ্যাট ফাঁকির তদন্ত শুরু করে। তবে কোনো এক কারণে সেই তদন্ত চাপা পড়ে।

সূত্র জানিয়েছে, দিলীপ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের সর্বশেষ দুই কমিটির উপকমিটিতে শিল্প বিষয়ক উপকমিটির সদস্য পদ পান। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভোল পাল্টানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে শিবচরের সন্ন্যাসীরচর এলাকার হৃদয় হোসেন শিহাব নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয় এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালাসহ ১৬১ জনের নামে মামলা করা হয়। গত ২২ আগস্ট বাড্ডা থানায় শিবচর পৌরসভার সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান মামলাটি করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা