প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১৯:২৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪ ১৯:৩৫ পিএম
শেখ ফজলুল করিম সেলিম।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল-১৫ থেকে পাঠানো চিঠিতে তার সব আর্থিক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে তার পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গোপালগঞ্জ-২ আসনের সাবেক এ সংসদ সদস্য এবং তার পরিবারের নামে অথবা যৌথ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড সংক্রান্ত চাওয়া হয়েছে। আয়কর আইন, ২০২৩ এর ধারা ২০০ এর প্রদত্ত ক্ষমতা বলে এসব তথ্য তলব করেছে এনবিআর।
ব্যাংকের ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর অঞ্চল-১৫।
শেখ ফজলুল করিম সেলিম শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ও বিলুপ্ত ফরিদপুর-১০ আসনের সাবেক সংসদ সদস্য। সর্বশেষ গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।