জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৩:৩৭ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪ ১৩:৪৮ পিএম
শনিবার সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। প্রবা ফটো
জামালপুরে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
শনিবার (২৫ মে) সকালে সদর উপজেলার কেন্দুয়া পারপাড়া গ্রামে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত অটোরিকশাচালক শাহাদত হোসেন সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ভেড়াপাথালিয়া গ্রামের বাসিন্দা।
পরিবারসূত্রে জানা গেছে, শাহাদত হোসেন শুক্রবার রাতে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। শনিবার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের অদূরে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, অটোরিকশাটি উদ্ধার করা গেলেও ছিনতাইকারীরা এর ব্যাটারি নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। নিহতের গলায় জিআই তার প্যাঁচানো ছিল। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা হয়েছে।