× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক নয় যেন ধানের চাতাল

চরফ্যাশন (ভোলা) ও ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৬:১৮ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ-দক্ষিণ আইচা মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার জুড়ে চলছে ধান মাড়াই ও শুকানোর যজ্ঞ। বৃহস্পতিবার তোলা। প্রবা ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ-দক্ষিণ আইচা মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার জুড়ে চলছে ধান মাড়াই ও শুকানোর যজ্ঞ। বৃহস্পতিবার তোলা। প্রবা ফটো

জ্যৈষ্ঠ মাসের এই সময়ে কয়েকদিন আগেও দেশের বিভিন্ন স্থানে ফসলের মাঠজুড়ে ছিল সোনারঙা ধানের সমাহার। সেই ধান কেটে কৃষকরা দারুণ ব্যস্ত এখন মাড়াই ও শুকানোর কাজে। কিন্তু এসব কাজে তারা যখন ব্যস্ত সড়ক বেছে নেন, তখনই ঘটে বিপত্তি। কাঁচা খড় ও ধানে পিছলে গিয়ে যানবাহন প্রতিনিয়তই দুর্ঘটনার সম্মুখিন হচ্ছে। এসব দুর্ঘটনায় আহত হওয়ার খবর যেমন পাওয়া যায়, তেমনি ঘটছে প্রাণহানি।

ভোলার চরফ্যাশনের কথাই যদি বলি, এ উপজেলার শশীভূষণ-দক্ষিণ আইচা মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার জুড়ে চলছে ধান মাড়াই ও শুকানোর যজ্ঞ। কৃষকরা ধান কেটে রাস্তার ওপর স্তুপ করে রাখছেন। অনেক স্থানে খড় বিছিয়ে শুকানো হচ্ছে। কাঁচা খড় ও ধানে চাকা পিছলে এই সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

গত মঙ্গলবার শশীভূষণের এওয়াজপুর ইউনিয়নের রূপনগর সড়কে খড়ে পিছলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল নামে সাত বছরের এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এছাড়া গত বৃহস্পতিবার সকালে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ সংলগ্ন সড়কে অটোরিকশা পিছলে নুর হোসেন নামের এক পথচারীকে চাপা দিলে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, বৃহস্পতিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশার চাপায় নুর হোসেন গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সড়কে মাড়াই ও শুকানোর কাজ শুধু ভোলার চরফ্যাশনেই নয়, হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সড়কে। বাড়ির উঠানে জায়গা না থাকায় আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক দখল করে কৃষকরা বোরো ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করছেন। 

চলাচলকারীদের অভিযোগ, ধান মাড়াইয়ের কারণে রাস্তা সরু হয়ে যাচ্ছে, অপরদিকে মেশিন থেকে বের হওয়া ছোট ছোট ময়লায় ছেয়ে যায়। সেগুলো চোখে এসে পড়লে যন্ত্রণায় ভুগতে হয় চালকসহ যাত্রী ও পথচারীদের। 

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের পাশেই শ্যালোচালিত মেশিন দিয়ে ধান মাড়াই করা হচ্ছে। মাড়াই শেষে সড়কের ওপরই সেগুলো শুকানো হচ্ছে। অনেকে ধান বাড়ি নিয়ে গেলেও খড় শুকানোর জন্য সড়কের ওপরই ছড়িয়ে-ছিটিয়ে রেখেছেন। অনেকে সড়কের পাশেই সেগুলো স্তুপ করেও রাখছেন।

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে রাস্তায় ধান স্তূপ করে রেখেছেন কৃষক ইব্রাহিম। তিনি জানান, আগে ধান মাড়াইয়ের জন্য বাড়ির উঠানে অনেক খোলা জায়গা ছিল। এখন নেই। তাই গ্রামের মানুষই এভাবে রাস্তার ওপর ধান মাড়াই ও শুকানোর কাজ করছে। 

শশীভূষণ কলেরহাট সংলগ্ন প্রধান সড়কের দুপাশে ধান শুকাচ্ছিলেন আড়তদার ইউসুফ। তিনি বলেন, খোলা জায়গা না থাকায় ধান শুকানো কঠিন হয়ে পড়েছে। সময়মতো শুকাতে না পারলে নষ্ট হয়। তাই রাস্তায় ধান শুকাতে হচ্ছে। এছাড়া এভাবে ধান ও খড় শুকাতে সময়ও কম লাগে।

স্থানীয় মোটরসাইকেল চালক বেল্লাল হোসেন বলেন, সড়কে ধান মাড়াই ও শুকানোর সময় যানবাহন এবং পথচারীদের চলাচল কঠিন হয়ে যায়। রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেক মুহিদ বলেন, সড়ক আটকে যাতে কেউ যান চলাচলে বাধা ও দুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সেজন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কে দেখা যায়Ñ এ যেন ধান মাড়াইয়ের উঠান হয়ে উঠেছে। কৃষকরা শ্যালোচালিত ইঞ্জিন দিয়ে মাড়াই করছেন এসব ধান। মাড়াই শেষে অনেকে ধান বাড়ি নিয়ে গেলেও খড় সড়কের ওপরেই ছড়িয়ে-ছিটিয়ে রেখেছেন শুকানোর জন্য। কেউ কেউ ভুট্টাও শুকাচ্ছেন। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

ফুলবাড়ী-বিরামপুর-হাকিমপুর সড়কে চলাচলকারী অটোরিকশা চালক রশিদুল ইসলাম বলেন, ব্যস্ত এই সড়কে ধান মাড়াইয়ের কাজ করছেন কৃষকরা। এরপর খড় বিছিয়ে রাখা হয়। এ সড়কে দুর্ঘটনার শিকার হয়েছে অনেক যানবাহন। যারা কাজ করছেন, তাদেরও নিরাপত্তা নেই।

ফুলবাড়ী-রংপুর মহাসড়কের পাশে কথা হয় ফয়জার আলীর সঙ্গে। তিনি বলেন, ফুলবাড়ী-রংপুর মহাসড়কে ধান-ভুট্টা মাড়াই ও শুকানোর কাজ হয়। প্রতি বছর এ সড়কে অসংখ্য দুর্ঘটনায় প্রাণ হারায় অনেকে। কৃষকরা মাড়াই শেষে খড় সড়কে ফেলে রাখেন শুকানোর জন্য। বৃষ্টি হলে খড়ের কারণে সড়ক পিচ্ছিল হয় এবং দুর্ঘটনার সংখ্যাও বাড়ে। 

উপজেলার বেতদিঘি ইউনিয়নের চিন্তামন গ্রামের কৃষক চান মিয়া বলেন, বেশি পরিমাণ ধান ও খড় বাড়ির উঠানে শুকানো সম্ভব হয় না। এজন্য সড়কে এসেছি। সড়কে চলাচলকারী সবারই সমস্যা হচ্ছে। দ্রুতই ধান ও খড় সড়ক থেকে সরিয়ে নেব।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মানিক মণ্ডল বলেন, সবারই যে উঠান নেই, বিষয়টি এমন নয়। অনেকের উঠান থাকা সত্ত্বেও রোদে সহজে ধান ও খড় শুকাতে রাস্তায় মাড়াইয়ের কাজ করেন। চলাচলকারীদের ঝুঁকি এড়াতে ধান মাড়াই বা খড় শুকানোর কাজ বন্ধ করা উচিত।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল বলেন, সড়ক দখল করে এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। জনস্বার্থে দ্রুতই অভিযান চালিয়ে এসব বন্ধ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা