যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪ ২৩:০৩ পিএম
যশোরের কেশবপুর মিনিবাস মালিক সমিতির সাবেক সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও কুৎসা রটনার অভিযোগে সংবাদ সম্মেলন করে বর্তমান কমিটি।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে যশোর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করেন সমিতির বর্তমান সভাপতি খন্দকার শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এ সময় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কেশবপুরের বাস ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শুভ্রত মুখার্জি উজ্জলের প্ররোচনায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় বর্তমান সভাপতি খন্দকার শরিফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি গত ১৭ মে কেশবপুরে এক সংবাদ সম্মেলনে প্রচার করেন কেশবপুরের এমপি আজিজের ভাইয়ের নেতৃত্বে কেশবপুর বাস-ট্রাক টার্মিনাল জোরপূবর্ক দখল করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।
প্রকৃত অর্থে ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর সাবেক সাধারণ সম্পাদক শুভ্রত মুখার্জি উজ্জল সমিতির গঠনতন্ত্রের নিয়ম ভঙ্গ করে জোরপূর্বক দখল করে সমিতির কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সমিতির সদস্যরা সোচ্চার হয়ে গত ১ মার্চ সমিতির প্রধান কার্যালয়ে সাবেক সহসম্পাদক সুকেশ অধিকারীর সভাপতিত্বে এক সাধারণ সভার আয়োজন করে। সভায় তৎকালীন সভাপতি আফছার উদ্দিন গাজীর মৃত্যুতে ও সম্পাদক শুভ্রত মুখার্জির অপকর্ম রুখতে সমিতির সব মালিক বিগত কমিটির ওপর অনাস্থা এনে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে খন্দকার শরিফুল ইসলামকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটি ২ মে আয়োজিত সমিতির সাধারণ সভায় গঠনতন্ত্র অনুযায়ী খন্দকার শরিফুল ইসলামকে সভাপতি এবং আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করে। কিন্তু নতুন কমিটির সভাপতি স্থানীয় এমপির ভাই হওয়ায় একটি মহল বিভ্রান্তিকর কথা বলে সমিতিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে।