কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪ ২০:৩১ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪ ২০:৪৬ পিএম
প্রতীকী ছবি।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফরহাদুল ইসলাম আরজু (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরজু ওই এলাকার মোহাম্মদ আরাফাতের ছেলে।
আহতরা হলো—আলি আকবর ডেইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে শেফায়েত (৪০), গোলাম কুদ্দুসের ছেলে তাহশিফ (১৮), আনিসুর রহমানের ছেলে নিশাত (১৭), মোস্তাক আহমেদের ছেলে ফোরকান আলি (১৮) এবং মো. টিপুর ছেলে রিয়াদ (১৯)।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নে ঘাটকুলপাড়া গ্রামে শিশুশ্রম রোধে কমিউনিটি পর্যায়ে আলোচনা সভা করে একটি এনজিও। এতে ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরজু ছুরিকাঘাতে আহত হন। তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’