কক্সবাজার অফিস
প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৬:২৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪ ১৬:৪৭ পিএম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদসহ মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে এপিবিএন।
বৃহস্পতিবার (২৩ মে) ভোরে উখিয়ার বর্ধিত ২০ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক মো. আরেফিন জুয়েল।
গ্রেপ্তার আব্দুল্লাহ উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের ডি/৫১ ব্লকের মোদাচ্ছেরের ছেলে।
এপিবিএনের সহ-অধিনায়ক আরেফিন জুয়েল বলেন, ‘আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি পাওয়া যায়। আর তার বিছানার পাশে ঝোলানো ব্যাগে আরেকটি বিদেশি পিস্তল পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ তার কাছে আরও অস্ত্র ও গুলি থাকার তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী লাল পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি বড় ওয়ান শুটার গান, দুটি মাঝারি সাইজের ওয়ান শুটার গান, ২০ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ, ২০টি রাইফেলের গুলির খোসা ও পিস্তলের গুলির তিনটি খোসা জব্দ করা হয়।’
আরেফিন জুয়েল বলেন, ‘আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহর বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে। তার পাশাপাশি আরও দুটি মামলা রয়েছে। একই সঙ্গে সম্প্রতি ক্যাম্পে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সবগুলোতে আব্দুল্লাহ সরাসরি উপস্থিত ছিল এবং নিজের হাতে অস্ত্র দিয়ে গুলিও চালিয়েছে। যা আব্দুল্লাহ স্বীকার করেছে। পরবর্তী ব্যবস্থার জন্য তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’