× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনব্যবস্থা ধ্বংস হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না : ইসি রাশেদা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৪:৩১ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ১৪:৪০ পিএম

নির্বাচনব্যবস্থা ধ্বংস হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না : ইসি রাশেদা

নির্বাচনব্যবস্থাকে গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘এ ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না এবং দেশের মানুষের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না।’

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মে) নওগাঁ জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা বলেন, ‘সেই কথা বিবেচনা করেই নির্বাচন কমিশন সব নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে; যাতে এ নির্বাচনগুলো সহিংসতামুক্ত হয়। মানুষ যাতে কেন্দ্র নির্বিঘ্নে এসে পছন্দের প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন ভালোভাবে সম্পন্ন হয়েছে দাবি করে রাশেদা সুলতানা বলেন, ‘সামনের নির্বাচনগুলোও আমরা আরও ভালোভাবে সম্পন্ন করতে চাই। যাতে সাধারণ মানুষের বলতে পারে, এ কমিশন ভালো নির্বাচন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন কাউকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে না। প্রশাসনকেও সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

‘আমাদের একটাই উদ্দেশ্য, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়। দেশবিদেশের সব জায়গায় যেন প্রশংসিত হয় বাংলাদেশের নির্বাচনব্যবস্থা। নির্বাচন কমিশনের একটাই প্রত্যাশা, নির্বাচনে যেন কোনো ব্যত্যয় না ঘটে, কালিমালিপ্ত না হয়,’ যোগ করেন ইসি।

প্রার্থীদের উদ্দেশে ইসি বলেন, ‘আচরণবিধি মেনে ঐক্যবদ্ধ হয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। বিনা কারণে একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আক্রমণ করে কথা বলা যাবে না। ভোটার যাতে কেন্দ্রে আসে সে পরিবেশ গড়ে তুলতে হবে।’

কোনো প্রার্থীর কোনো অভিযোগ থাকলে কমিশনকে জানালে সঙ্গে সঙ্গে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

নির্বাচনসংশ্লিষ্টদের নিরপেক্ষতা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘দেশে সুন্দর নির্বাচনব্যবস্থা যাতে বিরাজমান থাকে ও জোরদার হয় সে চিন্তা করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মানুষ যেন বলে এ কমিশনের সময় নির্বাচনব্যবস্থা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হয় নাই, ধ্বংস হয় নাই।’

সভায় নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে অন্যদের মধ্যে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ হোসেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা