× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝুঁকিপূর্ণ ভবনগুলোতেই চলছে স্বাস্থ্যসেবা

লালমোহন (ভোলা) সংবাদদাতা

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৩:৪৯ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ১৫:১২ পিএম

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জরাজীর্ণ চরমোল্লাজী কমিউনিটি ক্লিনিক। প্রবা ফটো

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জরাজীর্ণ চরমোল্লাজী কমিউনিটি ক্লিনিক। প্রবা ফটো

‘বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে। ভবনের দরজা-জানালা ভেঙে গেছে। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে মরিচা ধরে রড বের হয়ে পড়েছে। পলেস্তারার অবশিষ্ট অংশও প্রায়ই খসে পড়ে। এমন অবস্থায় ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে।’- বলছিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. শহিদুল ইসলাম মুরাদ। তিনি ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী কমিউনিটি ক্লিনিকে কর্মরত। শুধু চরমোল্লাজী কমিউনিটি ক্লিনিকের ভবনই নয় উপজেলার আরও ২১টি ভবনের‌ এমন অবস্থা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে সরকার। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে লালমোহন উপজেলায় নির্মাণ করা হয় ৩৪টি কমিউনিটি ক্লিনিক। এসব কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ বিনা মূল্যে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। তবে কমিউনিটি ক্লিনিকগুলো নির্মাণের পর থেকে দীর্ঘদিন মেরামত বা সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বিশেষ করে উপজেলার ২২টি কমিউনিটি ক্লিনিকের ভবন খুবই ঝুঁকিপূর্ণ। অন্যগুলোর অবস্থাও জরাজীর্ণ। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন সিএইচসিপিসহ অন্যান্য কর্মী। ঝুঁকিতে আছেন এসব ক্লিনিকে সেবা নিতে আসা রোগীরাও। দ্রুত এসব ভবনের সংস্কার বা পুনর্নির্মাণের দাবি করেছেন উপজেলাবাসী।

সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ ২২টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে সাতটির অবস্থা একেবারেই নাজুক। দেখলে মনে হয় বহু বছরের পুরোনো পরিত্যক্ত কোনো ভবন। এগুলো হলোÑ কুলচড়া, পূর্ব চতলা, চরমোল্লাজী, লেজ ছকিনা, আসুলি, ফাতেমাবাদ এবং দক্ষিণ ফরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিক। এসব ক্লিনিকের ভবনগুলো হয় দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করতে হবে, না-হয় পরিত্যক্ত ঘোষণা করতে হবে। কারণ যেকোনো সময় বিশেষ করে আসছে বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

কুলচড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রীতা রায় বলেন, ‘নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে নিয়মিত ক্লিনিকে আসছি। তবে ক্লিনিকের অধিকাংশ স্থানে ফাটল ধরেছে। একটু বৃষ্টি হলে আর ভেতরে বসা যায় না। এসব কারণে আমিসহ এখানে সেবা নিতে আসা রোগীরাও ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই কমিউনিটি ক্লিনিকের ভবনটি নতুন করে নির্মাণ না করা হলে যেকোনো সময় ধসে পড়তে পারে।’

পূর্ব চতলা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. আকতার হোসেন জানান, ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিকটি স্থাপন করা হয়। স্থাপনের পর থেকে ক্লিনিকের ভবনটি একবারের জন্যও মেরামত করা হয়নি। যার ফলে ভবনটি এখন খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের দেয়ালের পলেস্তারা খসে মরিচা ধরে রড বের হয়ে পড়ছে। প্রায়ই অবশিষ্ট পলেস্তারা খসে পড়ছে। শিগগিরই এই কমিউনিটি ক্লিনিকের ভবনটি নতুন করে নির্মাণ জরুরি। না হয় চরমভাবে ব্যাহত হবে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা।

সম্প্রতি চরমোল্লাজী কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসছেন বেগম শাহানাজ, হাসান উদ্দিনসহ কয়েকজন্। তারা বলেন, এলাকাটি উপজেলা সদর থেকে অনেক দূরে। যার জন্য আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার ভরসা এই কমিউনিটি ক্লিনিক। বিগত দিন আমরা স্বাচ্ছন্দ্যে এখান থেকে সেবা নিয়েছি। এখন ভবনের অবস্থা দেখে চিকিৎসা নেওয়া তো দূরের কথা ক্লিনিকে যেতেই ভয় হয়। কারণ কমিউনিটি ক্লিনিকটির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ভবনের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। দ্রুত যদি এই ভবনটি নতুন করে নির্মাণ না করা হয়, তাহলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. তৈয়বুর রহমান বলেন, ‘উপজেলার কয়েকটি কমিউনিটি ক্লিনিকের ভবন বর্তমানে একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে। এগুলো নতুন করে নির্মাণ করতে হবে। এ ছাড়া কয়েকটি ক্লিনিক রয়েছে যেগুলোও মেরামত করা দরকার। এসব নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যেসব কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণ ও মেরামতের প্রয়োজন, তা পর্যায়ক্রমে করা হবে বলে তারা আশ্বস্ত করছেন।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা