× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে ‘ডায়াবেটিক ধান’ চাষে সফলতা

হাসান সিকদার, টাঙ্গাইল

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১১:০৯ এএম

আপডেট : ২৩ মে ২০২৪ ১১:৩৬ এএম

ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে একটি 'ডায়াবেটিক ধান’ ক্ষেত থেকে তোলা ছবি। প্রবা ফটো

ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে একটি 'ডায়াবেটিক ধান’ ক্ষেত থেকে তোলা ছবি। প্রবা ফটো

ডায়াবেটিস রোগীর কথা চিন্তা করে স্বল্পপরিমাণ কার্বোহাইড্রেটসম্পন্ন পুষ্টিকর ব্রি ধান-১০৫ নামের ‘ডায়াবেটিক ধান’ উদ্ভাবন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর। নতুন এই ধান চাষে আশানুরূপ ফলন পেয়েছেন কৃষকরা। যার বাজারমূল্যও বেশি পাওয়া যাবে এবং এ ধান ভবিষ্যতে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস কৃষিবিজ্ঞানীদের।

এই জাতের ধান প্রথমবারের মতো প্রদর্শনী প্লট হিসেবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের দুই কৃষক চাষ করেন। ধান কাটা উপলক্ষে সম্প্রতি মুশুদ্দির বটতলা গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় মাঠ দিবস।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ব্রি ধান-১০৫ অন্য জাতের ধানগাছের চেয়ে বৈশিষ্ট্যগতভাবে কিছুটা আলাদা। সবুজ ও খাড়া ডিগপাতা আর মাঝারি লম্বা ও চিকন ধানের দানা। এটি স্বল্পপরিমাণ কার্বোহাইড্রেটসম্পন্ন। যা ডায়াবেটিক রোগীর জন্য উপযোগী। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণেও এই ধান কার্যকর ভূমিকা রাখবে। যার বীজ কৃষক নিজেরাই উৎপাদন ও সংরক্ষণ করতে পারবেন। 

ডায়াবেটিক ধান চাষ করা মুশুদ্দি গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ৫০ শতক জমিতে কৃষি অফিসের পরামর্শে ব্রি ধান-১০৫ প্রদর্শনী প্লট হিসেবে আবাদ করেছি। এই ধানে রোগবালাই নেই বললেই চলে। একই খরচে অন্য জাতের চেয়ে ফলনও বেশি। বিঘাপ্রতি ২৮ মণ ধান পেয়েছি।

একই গ্রামের আরেক কৃষক গোলাম মোস্তাফা ভুট্টু বলেন, নতুন এই জাতের ধানের ফলন খুবই ভালো। গড়ে বিঘাপ্রতি ২৯ মণ পেয়েছি। ধান গবেষণা ইনস্টিটিউট এই ধান আমাদের থেকে থেকে সংগ্রহ করবে। তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু এখন পর্যন্ত এ ধানের মূল্য নির্ধারণ করা হয়নি।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ধান চাষে এই অঞ্চল খুবই উপযোগী। নতুন জাতের এই ধান যারা চাষ করেছেন তাদের ক্ষেতে গিয়ে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছি। পর্যাপ্ত বীজ পেলে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া যাবে।

ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমেনা খাতুন বলেন, দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব রোগীর কথা চিন্তা করে ব্রি ধান-১০৫ নামের ডায়াবেটিক ধান উদ্ভাবন করা হয়েছে। এটি বোরো মৌসুমের একটি কম জিআইসম্পন্ন, রোগবালাই ও পোকামাকড় আক্রমণরোধক ধান। গড় ফলন হেক্টরে ৭ দশমিক ৬ টন। উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টরপ্রতি ৮ দশমিক ৫ টন পর্যন্ত ফলনও পাওয়া সম্ভব। এর জীবনকাল ১৪৮ দিন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর বলেন, দেশে যেন কখনও খাদ্য ঘাটতি দেখা না দেয়। সেজন্য উচ্চ ফলনশীল নতুন নতুন ধানের জাত উদ্ভাবনে গবেষণায় জোর দেওয়া হয়েছে। এর মধ্যে ব্রি-১০৫ থেকে পাওয়া চালে কার্বোহাইড্রেটের পরিমাণ কম এবং সে কারণেই এটিকে ডায়াবেটিক ধান বলা হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা