× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফল উপজেলা নির্বাচন

এমপিবিরোধী শিবিরের ভরাডুবি!

এম.এ হান্নান, বাউফল (পটুয়াখালী)

প্রকাশ : ২২ মে ২০২৪ ২২:৩৪ পিএম

আপডেট : ২২ মে ২০২৪ ২২:৫৮ পিএম

এমপিবিরোধী শিবিরের ভরাডুবি!

পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝরনা বেগমের ভরাডুবি হয়েছে।

উপজেলায় তারা সংসদ সদস্য আ স ম ফিরোজের বিরোধী (এমিপিবিরোধী) বলে পরিচিত। নির্বাচনে এমপি সমর্থিত প্রার্থী বলে পরিচিতি পাওয়া মোসারেফ হোসেন খান চেয়ারম্যান, আনিসুর রহমান ভাইস চেয়ারম্যান ও মরিয়ম বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। 

গত মঙ্গলবার রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন শরীফ। এতে দেখা যায়, চেয়ারম্যান পদে মোসারেফ হোসেন (আনারস) ৪২ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতালেব হাওলাদার (ঘোড়া) পেয়েছেন ৩০ হাজার ১০১ ভোট। অপর দুই চেয়ারম্যান প্রার্থী মশিউর লাবলু (কাপ-পিরিচ) পেয়েছেন ১৪ হাজার ৫৫০ ভোট, দোয়াত কলম প্রতীকের সজল হালদার পেয়েছেন ৩ হাজার ৬৪৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে আনিসুর রহমান ৫০ হাজার ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ রাহাত জামশেদ (তালা) পেয়েছেন ৩৭ হাজার ৭১৪ ভোট। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম হাঁস প্রতীকে ৫০ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝরনা বেগম (প্রজাপতি) পেয়েছেন ৩৮ হাজার ৮৫২ ভোট। ২ লাখ ৯৭ হাজার ৬০৭ ভোটারের মধ্যে ৯৪ হাজার ৮৩২ জন ভোট দিয়েছেন। প্রাপ্ত ভোটের হার ৩১ শতাংশ। 

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসারেফ খান, ভাইস চেয়ারম্যান পদে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগমকে সমর্থন দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি। এ প্যানেলের পক্ষে কাজ করেন এমপির অনুসারী আওয়ামী লীগ নেতারা।

অপরদিকে এই প্যানেলকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা প্যানেল নিয়ে মাঠে নামে এমপিবিরোধী শিবির। যার নেতৃত্বে ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক। ওই প্যানেলে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ রাহাত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝরনা বেগম প্রার্থী ছিলেন। এ প্যানেলের পক্ষে কাজ করেন মেয়র অনুসারী আওয়ামী লীগের নেতারা।

এমপিবিরোধী শিবিরের ভরাডুবির কারণ হিসেবে জানা যায়, ৪৫ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন আ স ম ফিরোজ এমপি। তিনি একমাত্র উপজেলা নিয়ে গঠিত এ আসন (পটুয়াখালী-২) থেকে থেকে ৮ বার এমপি নির্বাচিত হয়েছেন। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তার শক্তিশালী ও সংগঠিত নেতাকর্মী রয়েছে। অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা তার অনুসারী। এ ছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও তার হিতার্থী। ভোটের মাঠে এ শক্তিশালী বলয় কাজ করায় এমপির সমর্থিত প্যানেল বিজয়ী হন। এ ছাড়া প্রার্থী হিসেবে এমপির প্যানেল ক্লিন ইমেজ রয়েছে বলেও জানান উপজেলার বাসিন্দারা। 

সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদারও এমপির অনুসারী ছিলেন। এমপির হাত ধরেই বগা ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। গত বছর এমপির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। এতে আওয়ামী লীগের বড় একটি অংশ থেকে ছিটকে পড়েন তিনি। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন তিনি ও তার ছেলে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানের বিরুদ্ধে বগা বন্দরে সরকারি জমি দখল, ভিন্ন মতের আওয়ামী লীগ নেতাদের ওপর দমন-পীড়ন চালানোসহ গুরুতর কিছু অভিযোগ রয়েছে। সর্বশেষ খালেদা জিয়ার মুক্তি দাবি করে নিজ দলে সমালোচনার মুখে পড়েন এ আওয়ামী লীগ নেতা। পরে তাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় জেলা আওয়ামী লীগ। এসব কারণে উপজেলা আওয়ামী লীগে কোণঠাসা হয়ে পড়েন তিনি। 

নির্বাচনে মোতালেব, জামশেদ ও ঝরনাকে এমপিবিরোধী হিসেবে পরিচিত পৌর মেয়র জিয়াউল হক ছাড়াও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম ফরাজী, বিশিষ্ট ব্যবসায়ী হাসিব আলমও সমর্থন দেন। তারপরও ভোটযুদ্ধে পরাজিত হন তারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা