জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪ ২১:১৫ পিএম
আপডেট : ২২ মে ২০২৪ ২২:০৮ পিএম
ট্রান্সজেন্ডার মুন্নী আক্তার।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ট্রান্সজেন্ডার মুন্নী আক্তার। পাঁচজনকে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত ভোটে সেলাই মেশিন প্রতীকে মুন্নী আক্তার পেয়েছেন ২৩ হাজার ৭৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদা পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ নির্বাচনে অংশ নিয়েছিলেন ফুটবল প্রতীকে মিরা আক্তার, সেলাই মেশিন প্রতীকে তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার, কলস প্রতীকে মোছা. মাজেদা, হাঁস প্রতীকে মোছা. রশিদা বেগম, বৈদ্যুতিক পাখা প্রতীকে মোছা. রোকসানা আকতার, প্রজাপতি প্রতীকে মোছা. মরিয়ম বেগম।
মুন্নী আক্তার বলেন, দেওয়ানগঞ্জের জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে। গতবার আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্ত বয়স স্বল্পতার কারণে করতে পারিনি। এবার নির্বাচনে ভোটাররা আমাকে জয়যুক্ত করেছেন। এজন্য তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শেখ মো. জাহিদ হাসান প্রিন্স বলেন, এবারের নির্বাচন ছিল অবাধ সুষ্ঠ’ ও নিরপেক্ষ। কোনো কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত দেওয়ানগঞ্জ উপজেলা। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন সর্বমোট ২৩ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।