শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪ ১৯:০৩ পিএম
আপডেট : ২২ মে ২০২৪ ১৯:০৭ পিএম
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান সুমন। প্রবা ফটো
গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী মিজানুর রহমান সুমনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১। গত মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের বাসন থানার নাওজোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ মে) র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ মে সুমন স্ত্রী বিলকিসের (২৬) গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করেন। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান সুমন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। তিনি প্রথম স্ত্রী শিমু, দেড় বছরের মেয়ে এবং মাকে নিয়ে রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
র্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান বলেন, প্রায় দুই বছর আগে বিলকিসকে তার অভিভাবকের অগোচরে বিয়ে করেন সুমন। তারা তুরাগ থানার রানাভোলা থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে নয়াপাড়া এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। উবার অ্যাপে গাড়ি চালিয়ে দুই সংসার পরিচালনা করতে গিয়ে সুমনের সংসারে অভাব লেগেই থাকত। এর মধ্যে কয়েক মাস ধরে বিলকিস বেশি টাকা দাবি করলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয়। তখন সুমন তার দ্বিতীয় স্ত্রী বিলকিসকে হত্যার পরিকল্পনা করেন।
মাহফুজুর রহমান আরও বলেন, গত ১৯ মে হত্যার উদ্দেশ্যে সুমন তার স্ত্রী বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যান। বিকালে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল ২৪ নং সেক্টরের নিরিবিলি এলাকায় জঙ্গলে নিয়ে যান। সেখানে স্ত্রীকে গাড়িতে রেখে সুমন পাইপ দিয়ে পেট্রোল বের করে বোতলে ভরেন। এরপর বিলকিস গাড়ি থেকে নামলে সুমন বোতলের পেট্রোল তার গায়ে ছিটিয়ে দিয়ে ম্যাচের কাঠি জ্বালিয়ে ছুড়ে মারেন। বিলকিসের গায়ে আগুন ধরলে সুমন গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিলকিসের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে একটি ড্রেন থেকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল ও পরে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকালে বিলকিসের মৃত্যু হয়।
র্যাব কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকেই সুমন আত্মগোপনে চলে যান। পরে র্যাব-১ আসামিকে গ্রেপ্তারে আভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।