নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪ ১৭:২৮ পিএম
আপডেট : ২২ মে ২০২৪ ১৮:০৪ পিএম
নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মানু মজুমদার মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।
বুধবার (২২ মে) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানু মজুমদার গত শনিবার স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে প্রথমে বাংলাদেশে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে মঙ্গলবার ভারতে নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতেই সেখানে মারা যান তিনি।
ইসলাম উদ্দিন আরও বলেন, মানু মজুমদারের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের একজন কানাডা এবং আরেকজন পর্তুগালে লেখাপড়া করছে। তারা দেশে এলে মানু মজুমদারের শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে ভারত থেকে মানু মজুমদারের মরদেহ এক দুই দিনের মধ্যেই এলাকায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।
কিশোরগঞ্জের তাড়াইলে মানু মজুমদারের পৈতৃক নিবাস হলেও তিনি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মনতলা এলাকায় তার শ্বশুরবাড়ি হওয়ার সুবাদে ১০-১২ বছর পূর্বে সেখানকার রংছাতি এলাকায় বাড়ি করে সেখানে এবং ঢাকায় বসবাস করে আসছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যার প্রতিবাদ করে তৎকালীন সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন মানু মজুমদার। ১০ বছর জেলে থাকার পর ১৯৮৫ সালে কারামুক্ত হন তিনি।