বগুড়া অফিস
প্রকাশ : ২১ মে ২০২৪ ০৯:০২ এএম
আপডেট : ২১ মে ২০২৪ ১১:০৬ এএম
বগুড়ার কাহালু উপজেলার মুরইল আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন। প্রবা ফটো
দ্বিতীয় ধাপে বগুড়ার তিন উপজেলার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কাহালু, দুপচাঁচিয়া ও আদমদিঘী উপজেলার ১৮২ কেন্দ্রে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে তিন উপজেলায় ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান পদে ১২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে কাহালুতে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২; দুপচাঁচিয়ায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পেদে ৩, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং আদমদিঘী উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিন উপজেলায় তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯ প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। এ ছাড়া র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোবাইল টিম দায়িত্ব পালন করছে।
এর আগে ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটে মোট ভোট পড়েছিল ৩৬ দশমিক ১ শতাংশ। তাই দ্বিতীয় ধাপের ভোটে কেন্দ্রে পর্যাপ্ত ভোটার উপস্থিতি হবে বলে প্রত্যাশা করছে ইসি। সেজন্য কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে এবং নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।