আচরণ বিধি লঙ্ঘন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪ ২২:৫৪ পিএম
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সরকারি কলেজের শ্রেণিকক্ষে চেয়ারম্যান প্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু (কাপ-পিরিচ) প্রচারণা চালিয়েছেন।
সোমবার (২০ মে) দুপুরে সরকারি কলেজের দুটি শ্রেণিকক্ষে (একাদশ বিজ্ঞান ও একাদশ মানবিক) প্রবেশ করেন তিনি। এ সময় তিনি মাইক্রোফোন হাতে বক্তব্য রাখেন। সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সময়ের কিছু ছবি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর তার ফেসবুকে পোস্ট করেন। এতে শিক্ষার্থীদের হাতে টিপুর ছবিসহ প্রচারণার লিফলেট দেখা যায়।
উপজেলা পরিষদ নির্বাচন ২০১৬ বিধির ২৬ এর (গ) ধারায় বলা আছে, প্রার্থী সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি বা সায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থা বা এনজিওর কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক সরকারি কলেজের তিনজন শিক্ষক জানান, আগে থেকে এই চেয়ারম্যান প্রার্থীর আসার খবর কেউ জানত না।
এ বিষয়ে একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, ‘সরকারি কলেজে ঢুকেছি একটি সমস্যা সমাধান করার জন্য। ছাত্রলীগের মধ্যে সমস্যা ছিল। লিফলেট হাতে ছবিগুলো সরকারি কলেজের না। অন্য স্কুলের।’
তবে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল করিম বলেন, ‘টিপু হঠাৎ করে এসেছিলেন। দু-একটি শ্রেণিকক্ষে ঢুকেছেন। তখন কিছু শিক্ষার্থী ছিল। পরে তিনি চলে গেছেন। উনি আসার বিষয়টি আগে থেকে আমরা জানতাম না।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ) পদ্মাসন সিংহ বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা আচরণবিধির লঙ্ঘন। যদি টিপু সরকারি কলেজে প্রচারণা চালিয়ে থাকেন তা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে ২৯ মে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ হবে। এতে টিপু ছাড়াও ৪ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তারা হলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী (আনারস), জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ বিপ্লব (ঘোড়া), মো. আবুল কাশেম (দোয়াত-কলম) ও মো. নিজাম উদ্দিন (মোটরসাইকেল)।
টিপু সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।