চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৯:৫৩ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ২১:২১ পিএম
প্রতীকী ছবি।
প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও তার সোর্স শহীদুল ইসলাম জাহেদের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (২০ মে) বিকালে চট্টগ্রামের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটের কাজী শরীফুল ইসলামের আদালত এই রিমান্ড দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন বলেন, ‘সৌদিপ্রবাসী আবদুল খালেকের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের মামলায় আমিনুল ইসলাম ও তার সহযোগী শহীদুল ইসলাম জাহেদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড দেন।’
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ ভরি স্বর্ণ নিয়ে সৌদি আরব থেকে ফিরছিলেন চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা আব্দুল মালেক। পথিমধ্যে নগরীর টাইগারপাস এলাকায় এসআই আমিনুল ইসলাম তাকে আটক করেন। এ সময় তার সোর্স মো. জাহেদও উপস্থিত ছিলেন।
সিএনজিচালিত অটোরিকশায় মালেককে তুলে নেন তারা। পরে নগরীর বিভিন্ন সড়কে ঘুরিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় তার কাছে থাকা ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ এসআই আমিনুল ইসলাম ও সোর্স মো. জাহেদকে আটক করে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আসামিদের পাঁচলাইশ থানা পুলিশ আটক করলেও ঘটনাস্থল খুলশী থানার আওতাভুক্ত। তাই আসামিদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। আটক হওয়া এসআইও খুলশী থানায় কর্মরত ছিলেন।’