আচরণবিধি লঙ্ঘন
লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৮:২১ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১৮:২৩ পিএম
রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার রাতে রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা দত্ত এক চিঠিতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে রামগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে এমপি আনোয়ার খানের বিষয়ে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ এবং আচরণবিধি লঙ্ঘন করে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষপাতিত্ব করার একটি লিখিত অভিযোগ দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত। এ অভিযোগের ভিত্তিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ আরও চারটি দপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী ইমতিয়াজ আরাফাত বলেন, ‘এমপি আনোয়ার খান আচরণবিধি ভঙ্গ করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর (মোটরসাইকেল) পক্ষে ভোট করছেন। ১৭ মে বিকেল ৫টার দিকে আমাকে সমর্থন দেওয়া এক সাবেক ইউপি চেয়ারম্যানকে নোয়াগাঁও বাজার থেকে গাড়িতে তুলে নেন এমপি। পরে তাকে গাড়িতে করে উপজেলা শহরের খান টাওয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দেওয়ান বাচ্চুর পক্ষে কাজ করার জন্য বিভিন্ন হুমকি ধমকি দেওয়া হয়। পরে তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে আসেন। এ ঘটনায় রবিবার আমি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছি।’
এসব বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি সংসদ সদস্য আনোয়ার হোসেন খান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘এখনো আমি হাতে পাইনি। চিঠি পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’