সাভার প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৩:৫৫ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১৪:৫৭ পিএম
সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা আরিফ হাসান। ছবি: সংগৃহীত
ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় তানিয়া রশিদ নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী মারা গেছেন। রবিবার (১৯ মে) রাত ১০টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (২০ মে) সকালে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তানিয়া রশিদ ধানমন্ডি থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আরিফ হাসানের স্ত্রী। তিনি জামালপুর জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসআই আরিফ হাসান মোটরসাইকেল করে স্ত্রীকে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে মোটরসাইকেল করে ঢাকার দিকে যাচ্ছিলেন আরিফ হাসান ও তার স্ত্রী তানিয়া রশিদ। ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে পৌঁছলে অজ্ঞাত পরিবহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হলে তাদের দুজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, ‘আরিফ হাসান ধানমন্ডি থানায় কর্মরত আছেন। তিনি স্ত্রীসহ কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় তার স্ত্রী তানিয়া রশিদ মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে ঘাতক পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’