শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪ ২০:৩৭ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪ ২১:০৬ পিএম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইনিয়ন ভূমি অফিসের ভেতরে এই বস্তু দেখেই বোমা ভেবে খবর দেওয়া হয় পুলিশে। প্রবা ফটো
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি অফিসের ভিতরে বোমাসদৃশ একটি বস্তু দেখা যায়। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সঙ্গে সঙ্গে জানানো হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বম্ব ডিসপোজাল ইউনিট। পর্যবেক্ষণ শেষে জানা যায়, বোমার মতো দেখতে হলেও এটি আদতে একটি মোবাইল পাওয়ার ব্যাংক।
রবিবার (১৯ মে) উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে রায়েদ ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে বোমাসদৃশ বস্তুটির দেখা মেলে। ভূমি অফিসের কর্মকর্তারা পুলিশে খবর দিলে কাপাসিয়া থানা পুলিশ ও ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়।
সিটিটিসি টিম লিডার মো. মামুনুজ্জামান বলেন, তাদের একজন সদস্য বম্ব ডিসপোজাল স্যুট পরে ওই ডিভাইসটি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পারেন বস্তুটি আসল বোমা নয়। পরবর্তীতে এটিকে বাইরে নিয়ে খুলে দেখা যায় এটি একটি মোবাইলের পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকের সঙ্গে মোবাইলের ব্যাটারি ও তার পেঁচিয়ে একটি ঘড়ি লাগিয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, কেউ হয়তো মজা করার জন্য বা কাউকে ভয় দেখাতেই এটি এখানে ফেলে রেখে গেছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, ‘এটি বোমার মতো দেখতে হলেও আসলে বোমা না। এটি মোবাইলের একটি পাওয়ার ব্যাংক।’