শেরপুর সংবাদদাতা
প্রকাশ : ০৩ আগস্ট ২০২২ ১৪:০২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২২ ১৪:২০ পিএম
ঝিনাইগাতীতে কালভার্টে ফাটল, দুর্ভোগে স্থানীয়রা
শেরপুরের ঝিনাইগাতী-গুরুচরণ দুধনই সড়কের ফুলহাড়ি এলাকায় ছোট কালভার্টে ফাটল দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার এই পথের চলাচলকারীরা।
স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে এই কালভার্টের এক পাশে ফাটল দেখা দেয়। এলজিইডি অধিদপ্তরের তত্ত্বাবধানে ওই অংশে সংস্কার করা হয়। পরে অপর অংশেও ধস দেখা দেয়। এ অবস্থায় ওই কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে রিকশা, মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রলি। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। ওই স্থানে বক্স কালভার্ট নির্মাণের জন্য প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।