নাসিরকে ইঙ্গিত করে সিসিক মেয়র
সিলেট অফিস
প্রকাশ : ১৮ মে ২০২৪ ২১:০৭ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪ ২১:১০ পিএম
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘নেতাকর্মীদের নির্যাতন করে নিজেদের নবাব ভাববেন না। কার দৌড় কতটুকু জানা আছে। আমরা এসব বিষয় নিয়ে বলতে চাই না।’ সম্প্রতি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খানের দেওয়া একটি বক্তব্য নিয়ে তুমুল আলোচনার মধ্যেই শনিবার (১৮ মে) একটি অনুষ্ঠানে আনোয়ারুজ্জামান এমন হুঁশিয়ারি দিলেন। যদিও বক্তব্যে কারো নাম উল্লেখ করেননি সিটি মেয়র।
এ সময় মেয়র আরও বলেন, কে কী বলল, তা দেখার বা শোনার সময় নেই। সবাই ঠান্ডা মাথায় মানুষের কল্যাণে কাজ করবেন। আপনারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী। তাই সকলে মানবতার কল্যাণে কাজ করবেন। আপনারা সকলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমানের উদ্যোগে শনিবার বিকালে শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন মেয়র আনোয়ারুজ্জামান।
নিজের বক্তব্যে মেয়র কারো নাম উল্লেখ না করলেও তার এই বক্তব্যের সঙ্গে সম্প্রতি জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খানের দেওয়া একটি বক্তব্যের সম্পর্ক রয়েছে বলে মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।
গত মঙ্গলবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে ওয়ান-ইলেভেনের সরকারের সময় সিলেটে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীকে কারানির্যাতনের ১৭ বছর উপলক্ষে আলোচনায় নাসির উদ্দিন খান বলেন, ‘অনেকে বিদেশে বসে মাল কামিয়েছেন। অনেক আন্দোলন করেছি। আজ মনে হয়, আমরা পরগাছা। সুবিধাভোগীরা অনেকে জনপ্রতিনিধি হয়ে গেছেন। এখন কেউ কেউ মনে করেন, তার বাবার সম্পত্তি হয়ে গেছে সিলেট। আমরা টাকা খরচ করে অনেককে জনপ্রতিনিধি বানিয়েছি। সেটা ভুললে চলবে না। আমার পাওয়ার আছে, আমার অমুক আছে-তমুক আছে, সেটা থাকবে না। জনগণ যদি না থাকে, সংগঠন যদি না থাকে, কারও অস্তিত্ব থাকবে না। রাজনীতিতে দুঃসময় এলে তারা থাকবে না, আমাদের দেশে থাকতে হবে– আমাদের দ্বৈত নাগরিকত্ব নেই। আমি বললাম, তারা চলে যাবে।’ নাসির উদ্দিন খানের ওই বক্তব্যে সিটি মেয়র আনোয়ারুজ্জামানকে ইঙ্গিত করা হয়।
শনিবার যার নেতৃত্বে শোভাযাত্রাটি আয়োজিত হয়, সেই এমদাদ হোসেন রাজনীতিতে নাসির খানের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি আনোয়ারুজ্জামান বলয়ে যুক্ত হয়েছেন। নাসিরের সাবেক এই কর্মীকে নিয়েই আনোয়ারুজ্জামান নগরে শোডাউন করে এমন বক্তব্য দেন।
শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতারা ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতিলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান বলেন, শেখ হাসিনার প্রশ্নে কোনো আপোষ নেই। দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে কাজ করবে স্বেচ্ছাসেবক লীগ। এ ছাড়া আওয়ামী লীগের ম্যাজিকম্যান মেয়র আনোয়ারুজ্জামানের নেতৃত্বে সিলেটের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। কেননা, অনেকে কর্মীদের জিম্মি করে নির্যাতন করে নিজেদের রাজা ভাবেন। সেসব নেতাদের দিন ফুরিয়ে আসছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।