চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৭:৩৭ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪ ১৮:২৭ পিএম
শনিবার সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম এ অভিযান পরিচালনা করেন। প্রবা ফটো
ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জের ছয়টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য তালিকা হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
শনিবার (১৮ মে) দুপুরে জেলা প্রশাসনের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় চট্টগ্রামের সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর ও পরিদর্শক বেলাল হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন কোতোয়ালি থানা পুলিশ।
দণ্ডপ্রাপ্ত ছয় প্রতিষ্ঠানের মধ্যে আল্লার দান স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স নুর ট্রেডার্সকে ২ হাজার, মেসার্স খান ব্রাদার্সকে ৫ হাজার, মেসার্স নবীন ট্রেডার্সকে ৫ হাজার, শাহজাহান ট্রেডার্সকে ২ হাজার এবং দি চিটাগাং ফ্রেন্ডস ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অভিযানে গিয়ে আমরা দেখি প্রতিষ্ঠানগুলো ক্রয় বিক্রয়ের রসিদ দেখাতে পারছে না, নির্ধারিত দামের তুলনায় অধিক দামে মসলা ও পণ্য বিক্রি করছে, মূল্য তালিকাবিহীন মালামাল বিক্রি ও মূল্য তালিকা হালনাগাদ নেই, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। পরে এসব অভিযোগে কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় ৬টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।