কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৭:৩৪ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪ ১৭:৪৭ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) দুপুরে কাশিয়ানী সদরের পূর্বপাড়ার এ ঘটনায় নিহতরা হলেন রাজমিস্ত্রি চাঁদপুরের ইসমাইল হোসেন সুমন ও তার সহকারী গাইবান্ধা জেলার নাহিদ।
কাশিয়ানী ফায়ার স্টেশনের লিডার রাকিবুল ইসলাম জানান, দুপুরে কাশিয়ানী সদরের পূর্বপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের সাটারিং খুলতে হেলপার নাহিদ ভেতরে নামেন। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে রাজমিস্ত্রি সুমন তাকে খুঁজতে ট্যাংকের ভেতরে নামেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সেফটিক ট্যাংকের মধ্যে জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।