গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪ ২০:২১ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪ ২০:৪৭ পিএম
গাজীপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৭ মে) বিকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। মা ও নবজাতকরা সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম সজীব বলেন, ‘গর্ভধারণের আগে থেকেই আফসানা-রিপন দম্পতি তাদের তত্ত্বাবধানে ছিল। আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারিকে প্রাধান্য দেওয়া হলেও ঝুঁকির কথা বিবেচনা করে ওই নারীর সিজার করানো হয়। এখন সন্তান ও মা উভয়ই সুস্থ আছে।’
চিকিৎসক গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানা বলেন, ‘প্রথমে নরমাল ডেলিভারি করতে চেয়েছিলাম। পরে পরিবারের অনুরোধ ও ঝুঁকির কথা চিন্তা করে আমার তত্ত্বাবধানে তিনটি সন্তান জন্ম দেন আফসানা। তাদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে। নবজাতকদের সবার ওজন দুই কেজির ওপরে৷’
সন্তানদের বাবা রিপন মিয়া বলেন, ‘আমরা সবাই আনন্দিত। একসঙ্গে তিনটি সন্তান হয়েছে। তাও আবার দুই মেয়ে এক ছেলে। সন্তান ও আমার স্ত্রী সুস্থ রয়েছে এটিই স্বস্তির এবং আনন্দের।’