জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪ ১২:৪২ পিএম
পুলিশি হেফাজতে আটক ৬ কিশোর গ্যাং সদস্য। প্রবা ফটো
জামালপুরে কমিউটার ট্রেনে হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার নুরুন্দি রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন জকিরুল ইসলাম, একই এলাকার মারুফ হোসেন, রাকিব হোসেন, রাকিব হাসান, মো.শিহাব উদ্দিন ও শাকিল আহম্মেদ। তারা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রের সঙ্গে পূর্ব শক্রতা ছিল কিশোর গ্যাংয়ের সদস্যদের। বৃহস্পতিবার কমিউটার ট্রেনে করে ময়মনসিংহ থেকে জামালপুরে নিজ বাড়িতে ফিরছিলেন ওই ছাত্র। তাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ময়মনসিংহ স্টেশন থেকে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য একই ট্রেনে উঠে।
ট্রেনটি পিয়ারপুর স্টেশনে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই ছাত্রকে ট্রেন থেকে টেনে হিছড়ে নামানোর চেষ্টা করে। এক পর্যায়ে অন্য যাত্রীদের সহায়তায় ওই ছাত্র ট্রেনে লুকিয়ে পড়ে। এরপর ট্রেনটি নরুন্দি স্টেশনে বিরতি দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে যাত্রীদের উপর হামলা চালায় এবং ট্রেনের জানালা ভাংচুর শুরু করে। এ সময় যাত্রীরা আতংকিত হয়ে ট্রেনের জানালা দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিলে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য স্টেশনে ঘুরাফেরা করতে থাকে। পরে স্টেশন থাকা লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাসী করে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু ঘটনাটি রেল বিভাগের আমরা রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি। তারা এসে আটককৃতদের নিয়ে যাবে এবং রেলওয়ে থানায় মামলা হবে। তবে যে ছাত্রের সঙ্গে ঘটনা ঘটেছে তাকে চিহ্ণিত করা যায়নি।