মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৬:২৭ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ১৬:৫৩ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি স্কুলের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
হোসেনপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, স্কুলের দোতলায় ক্লাস চলছিল। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে ছাত্রীদের বাসায় নিয়ে যায়।
দেশে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। বেশির ভাগ এলাকাজুড়ে বয়ে চলা মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহের মধ্যে দুই দিনের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।
বুধবার আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
নিকলি আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার কিশোরগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা (মৃদু তাপপ্রবাহ) বিরাজ করছে।
হোসেনপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে।