বেতাগী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪ ২২:১৬ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪ ২২:২৪ পিএম
বরগুনার বেতাগীতে জমি দখল নিতে কেতাব আলী নামে একজনের বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ মে) সকালে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. লাল মিয়া, মো. কালাম, মো. পনু ও আ. সালাম একই ইউনিয়নের ভোলানাথপুর এলাকার বাসিন্দা।
কেতাব আলী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন তার জমি দখলের চেষ্টা করে আসছে। বুধবার বেলা ১১টায় বাগানের লেবু, পেঁপে, বরই ও কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটতে থাকে। বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখায়। পরে ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। এর আগেই তারা পালিয়ে যায়। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে বাড়ি-ঘরে হামলা চালানোসহ বিভিন্ন ধরনেরর হুমকি দিয়ে আসছে। পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। বেতাগী থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ডাকা হবে।