× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চন্দনাইশ উপজেলা নির্বাচন

১০০ লাশ ফেলার হুমকি দেওয়া প্রার্থীকে ইসির শোকজ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ মে ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ১৪ মে ২০২৪ ২০:১৫ পিএম

আবু আহমেদ চৌধুরী জুনু। প্রবা ফটো

আবু আহমেদ চৌধুরী জুনু। প্রবা ফটো

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার ১০০ সমর্থককে হত্যার হুমকি দেওয়া চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৩ মে) হুমকিদাতা প্রার্থীকে এ নোটিস পাঠান চন্দনাইশ উপজেলা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম প্রামাণিক। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জুনুকে লিখিতভাবে এ ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। 

নোটিসে বলা হয়েছে, সোমবার দুপুর ১টায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের দিনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ সকল প্রার্থী কিংবা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদপ্রার্থীর চারজন একই প্রতীক চাওয়ায় লটারির মাধ্যমে তাদের প্রতীক বরাদ্দ করা হয়। এরপর আনুমানিক দপুর ১টা ৪০ মিনিটে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ জসীম উদ্দিন আহমেদের প্রতিনিধিকে হুমকি দেন আরেক প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনু। তিনি জসীম ও তার ১০০ সমর্থকের লাশ ফেলে দেওয়ার হুমকি দেন এবং নির্বাচনের সময় জসীমের সমর্থকদের দেখে নেবেন বলে ভয় দেখান। 

রিটার্নিং কর্মকর্তা জুনুকে পাঠানো নোটিসে বলেছেন, ‘আপনার এহেন বক্তব্য উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।’ বিধিলঙ্ঘনের দায়ে জুনুর বিরুদ্ধে কেন বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তা পত্র পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে নোটিসে। 

স্থানীয় সূত্র জানায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে চন্দনাইশ উপজেলায়। ১ লাখ ৯১ হাজার ৬০৭ ভোটারের এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন চারজন। তাদের মধ্যে অন্যতম ব্যবসায়ী আলহাজ জসীম উদ্দিন আহমেদ। ভোটের মাঠে জসীমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার সমর্থক ও অনুসারীদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ আগেই উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুনুর বিরুদ্ধে। কিন্তু এবার তিনি প্রকাশ্যেই হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় পড়েছেন অন্য প্রার্থী ও ভোটাররা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা