রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৫:৫৩ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৬:৩৮ পিএম
মঙ্গলবার দুপুর ১২টার দিকে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রবা ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব। তার নির্বাচনের প্রতীক দোয়াত কলম।
মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি।
কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজীজ, রূপগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক আহমেদ রাসেল, সাংবাদিক এ হাই মিলন, নজরুল ইসলাম, আশিকুর রহমান হান্নান, আরিফ হাসান আরব, সাইফুল ইসলাম, মাহবুবুল আলম প্রিয়সহ আরও অনেকে।
এ সময় চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমি যদি আগামী ২১ তারিখ নির্বাচনে জয়ী হতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করা। বিগত দিনগুলোতে আওয়ামী লীগের রাজনীতি করে গাজী গোলাম দস্তগীরের হাত ধরে রূপগঞ্জে উন্নয়ন করার চেষ্টা করেছি। রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে, যেদিকে উন্নয়ন হয়নি সেগুলো খুঁজে বের করে উন্নয়নের ছোঁয়া পৌঁছাব।’ ভালো কাজগুলোতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।