মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ২০:২৯ পিএম
আপডেট : ১২ মে ২০২৪ ২০:৪৭ পিএম
মাদারীপুরে মায়ের হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেন দুই শিশু। প্রবা ফটো
মাদারীপুরে মা ঈশিতা আলী হত্যার বিচার চাইলেন তার দুই শিশু সন্তান মরিয়ম এবং রাইয়ান। রবিবার (১২ মে) দুপুরে মাদারীপুর নতুন শহরে স্থানীয় সাংবাদিকদের কার্যালয়ে মায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের ভাই সোহেল মাতুব্বর, সাব্বির মাতুব্বর এবং নিহতের দুই শিশু সন্তান মরিয়ম ও রাইয়ার।
মরিয়ম বলেন, ‘আমার চাচা টুকু ঢালী আমার মাকে মারধর করেছে। পরে মা মারা গেছে। আমি এর বিচার চাই।’ একই দাবি করেন ছেলে রাইয়ানও।
ঈশিতার ভাই সোহেল মাতুব্বর বলেন, ‘আমার বোনকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে মেরে ফেলেছে। সেই ঘটনায় আমি মামলা করলেও পুলিশ আসামিদের ধরছে না। আমি এর বিচার চাই।’
নিহতের আরেক ভাই সাব্বির বলেন, ‘আমার বোনকে মেরে ফেলেছে। সেই ঘটনায় আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে আমরা আদালতে মামলা করি। এপরও পুলিশ আসামিদের ধরছে না। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের কাছ থেকে অর্থিক সুবিধা নিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছে।’
মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিদ্দিকখোলা গ্রামের আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে ঈশিতা আলীর সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয় মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের এনামুল ঢালীর। এর কয়েক বছর পর ভাসুর টুকু ঢালী, ভাসুরের স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিককলহ শুরু হয় ঈশিতার। এর জেরে ২০ এপ্রিল টুকু ঢালীসহ শ্বশুরবাড়ির লোকজন আট মাসের অন্তঃসত্ত্বা ঈশিতাকে নির্যাতন করে। রাতেই মারা যান ঈশিতা।
মামলার তদন্ত কর্মকর্তা মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাসিব বলেন, ‘নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে কারণে গ্রেপ্তার করা হচ্ছে না। মামলার স্বাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছি। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ আসামিদের কাছ থেকে অর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।