বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ১৫:০১ পিএম
আপডেট : ১২ মে ২০২৪ ১৫:০৬ পিএম
নাইক্ষ্যংছড়ি উপজেলা-মিয়ানমার সীমান্ত এলাকা। ফাইল ফটো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে আবুল কালাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (১২মে) সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৮ নম্বর পিলারের কাছে তাকে গুলি করা হয়।
নিহত আবুল কালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতিরছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ৯ নম্বর ওয়ার্ডের বাম হাতির ছড়া এলাকার এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। বিস্তারিত পরে জানা যাবে।
এলাকাবাসীর বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, প্রতিদিনের মতো সকালে আবুল কালাম বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করে। সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকায় আরাকান আর্মির এক সদস্যর সঙ্গে কোনো এক বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আবুল কালাম আরকার আর্মির সদস্যদের জন্য খাদ্য সামগ্রী পরিবহন করছিলেন।
নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই মরিয়ম আক্তার জানান, এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।