দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪ ১৬:২৫ পিএম
আপডেট : ১১ মে ২০২৪ ১৬:৪২ পিএম
শনিবার ভোরে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাংকলরি কাউগাঁও মোড়ে মুদিখানা ও বয়লার মুরগীর দোকানে ঢুকে যায়। প্রবা ফটো
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে ট্যাংকলরির চাপায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় লরিরচালক ও সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার (১১ মে) ভোর সোয়া ৫টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের কাউগাঁও মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাজারের নৈশ্যপ্রহরী বিশ্বনাথপুর এলাকার আজাহার আলী ও ফল দোকানের কর্মচারী হাটখোলা এলাকার রানা।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর সোয়া ৫টার দিকে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাংকলরি কাউগাঁও মোড়ে ফুটপাথের কয়েকটি দোকান মাড়িয়ে আব্দুস সোবহানের মুদিখানা ও বয়লার মুরগির দোকানে উঠিয়ে দেয়। এর আগে ট্রাকটি ঘটনাস্থলে বাজারের নৈশ্যপ্রহরী আজাহার আলী ও চা পান করতে আসা ফল দোকানের কর্মচারী রানাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই নৈশ্যপ্রহরী আজাহার আলী মারা যায়। আহত অবস্থায় ফল দোকানের কর্মচারী রানাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা ট্যাংকলরির চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্যাংকলরির চালক কুষ্টিয়ার রাহিনী বটতলার বাসিন্দা রাজু খন্দকার ও হেলপার একই এলাকার সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালকের ঘুম ঘুম ভাব থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ৫ নম্বর শশরা ইউনিয়নের চেয়ারম্যান মকছেদ আলী রানা বলেন, ‘প্রায় ১০০ গজ দূরে থেকে ট্যাংকলরিটি একাধিক দোকান মাড়িয়ে পরে মুদিখানা ও বয়লার মুরগির দোকানে উঠিয়ে দেয়। চালক ও হেলপার ঘুমিয়ে ছিল। এ সময় চালক টের পেলেও হেলপারকে ডেকে উঠানো হয়।'