গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪ ১১:৩৬ এএম
আপডেট : ১০ মে ২০২৪ ১১:৪৫ এএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১০ মে) সকাল ১০টার পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
এর আগে সকাল ৭টার পর গণভবন থেকে সড়কপথে রওনা হয়ে পৌনে ১০টার দিকে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকালে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।