রাসিক মেয়র লিটনের সংবাদ সম্মেলন
রাজশাহী অফিস
প্রকাশ : ০৯ মে ২০২৪ ২৩:৪৩ পিএম
আপডেট : ১০ মে ২০২৪ ০০:২৯ এএম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।’ এ সময় তিনি বিভ্রান্ত না হয়ে চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ মে) বেলা ১২টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে নগরীর চলমান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাসিক মেয়র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে নগরীর বিভিন্ন রেল ক্রসিং এ ফ্লাইওভার নির্মাণ। ফ্লাইওভারসহ নগরীতে যখন নাগরিকদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চলমান রয়েছে, ঠিক সেই সময়ে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে কিছু বিভ্রান্তকর তথ্য প্রচারিত হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। ফ্লাইওভারের কাঠামো দাঁড় হতে এক থেকে দেড় বছর সময় লাগবে। ফ্লাইওভারের নিচের অংশের কাজ শেষ হলে ওপরের অংশের কাজ শুরু হবে, তখন নিচ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। ফ্লাইওভার নির্মাণাধীন সড়কে এক থেকে দেড় বছর যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করছি।
সংবাদ সম্মেলনে রাজশাহীর উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন রাসিক মেয়র। তিনি জানান, ৫ বছর স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে, ব্যাপক কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাস ও উদ্যোক্তা সৃষ্টি। নদী ও বরেন্দ্র অঞ্চলভিত্তিক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা করা। সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারণ। রাজশাহী মহানগরীর প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প। রাজশাহী মহানগরীর কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনার আধুনিক প্রকল্প। রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণে নর্দমা নির্মাণ প্রকল্প (৪র্থ পর্যায়) শুরু করা। মহানগরীর কুমারপাড়া গুলগোফুর পেট্রোল পাম্প হতে সাহেব বাজার বড় মসজিদ, বড়কুঠি, পাঠানপাড়া, শিমুলতলা ক্লাব হয়ে ফায়ারব্রিগেড মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প।
রাসিক মেয়র বলেন, একান্ত নাগরিক স্বার্থে ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অংশীজনদের মতামত গুরুত্ব দিয়ে গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে অধিকতর প্রাধান্য দেয় রাসিক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হকসহ রাসিকের ৩০ টি ওয়ার্ডের কাউন্সিলররা।