× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুল্ক জটিলতার ফাঁদে আটক ২০ অ্যাম্বুলেন্স

আবুল হাসান, (মোংলা) বাগেরহাট

প্রকাশ : ০৯ মে ২০২৪ ১৬:২১ পিএম

মোংলা বন্দরে আমদানি হওয়া অ্যাম্বুলেন্স কাস্টম হাউসের শুল্ক জটিলতায় আটকে আছে। প্রবা ফটো

মোংলা বন্দরে আমদানি হওয়া অ্যাম্বুলেন্স কাস্টম হাউসের শুল্ক জটিলতায় আটকে আছে। প্রবা ফটো

মোংলা বন্দরে আমদানি হওয়া অ্যাম্বুলেন্স (জরুরি স্বাস্থ্য সেবা) কাস্টম হাউসের শুল্ক জটিলতায় ছাড় হচ্ছে না। এ কারণে মোংলা বন্দরে পড়ে আছে ২০টি অ্যাম্বুলেন্স। গাড়িগুলোর আমদানিকারক বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন (বারভিডা)। মোংলা কাস্টম হাউস বিভিন্ন জটিলতা দেখিয়ে এসব গাড়ির শুল্কায়ন করছে না। আমদানি করা অ্যাম্বুলেন্সের ওপর ১৭ গুণ শুল্ক জরিমানা দিয়ে খালাস করতে চাপ দিচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ।

বারভিডার পক্ষ থেকে জানানো হয়, পাঁচটি শর্ত পূরণ করে মোংলা বন্দরে অ্যাম্বুলেন্স আমদানি করা হয়েছে। এ ছাড়া বিআরটিএতে রেজিস্ট্রেশনের পর শর্তানুযায়ী সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে এ-সংক্রান্ত কাগজপত্র কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। কিন্তু মোংলা কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন জটিলতার অজুহাত দেখিয়ে অ্যাম্বুলেন্সগুলো ছাড় করছে না। গতকাল মঙ্গলবার বারভিডা মোংলা কাস্টম হাউস এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে দুই দফায় বৈঠক করেছে।

বৈঠক উপস্থিত গাড়ি আমদানিকারকরা বলেন, অ্যাম্বুলেন্স আমদানি বিপণন ও রেজিস্ট্রেশন পর্যায়ে প্রদত্ত শর্তের কারণে অনিয়মের সুযোগ নেই। শুল্ক কর্তৃপক্ষের কোনো অভিযোগ থাকলে সেটি আলোচনাসাপেক্ষে নিষ্পত্তি করা সম্ভব। কিন্তু স্বাস্থ্য খাতের জন্য বিপুল বিনিয়োগের আমদানিকৃত রিকন্ডিশন্ড অ্যাম্বুলেন্স শুল্কায়ন বন্ধ রাখা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

আমদানিকৃত গাড়ির শুল্কায়ন ও খালাসে মোংলা কাস্টম হাউসের অতীত ঐতিহ্য এবং বর্তমান ব্যবসাবান্ধব কর্মতৎপরতার আলোকে ন্যায্যতার বিবেচনা করে উত্থাপিত বিষয়ে দ্রুত নিষ্পত্তির জন্য বৈঠকের আহ্বান জানান গাড়ি আমদানিকারক ব্যবসায়ীরা।

বারভিডার সভাপতি হাবিব উল্লাহ ডন বলেন, অগ্রিম টাকা পরিশোধ করার পরও সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স সরবরাহ করতে পারছেন না ব্যবসায়ীরা। নানা সমস্যার ফাঁদে মোংলা কাস্টমসে আটকা পড়ে রয়েছে ২০টি অ্যাম্বুলেন্স। কাস্টমস কর্তৃপক্ষ এসব অ্যাম্বুলেন্সকে মাইক্রোবাস হিসেবে খালাস করে নেওয়ার জন্য তাদের চাপ দিয়ে আসছে। ফলে আমদানিকারকদের গুনতে হবে নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি শুল্ক।

তবে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের ২০২৩-২৪ সংস্করণেও স্পষ্টভাবে বলা হয়েছে, আমদানি করা যাবে নতুন অ্যাম্বুলেন্স ও অ্যাম্বুলেন্স হিসেবে রূপান্তরিত রিকন্ডিশন গাড়ি। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্স আমদানিতে বিশেষ সুবিধাও দিয়ে আসছে সরকার।

তিনি বলেন, মাইক্রোবাস হিসেবে কাস্টম হাউসে আমদানিতে ৮৯ দশমিক ৩২ শতাংশ এবং নোয়া ও এস্কয়ার মডেলের গাড়ি আমদানিতে শুল্ক দিতে হয় ১৫১ শতাংশ। যেখানে অক্সিজেন সিলিন্ডার, সাইরেন-লাইট সুবিধা থাকাসহ পাঁচটি শর্ত পূরণ করে এসব গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করলে শুল্ক দিতে হয় মাত্র ৩৭ শতাংশ।

এদিকে সরকার যেখানে দিচ্ছে বিশেষ সুবিধা, সেখানে হঠাৎ এই অ্যাম্বুলেন্স আমদানির পরও কেন ছাড় করতে দিচ্ছে না মোংলা কাস্টমস? এই প্রশ্নের উত্তর খুঁজছেন বারভিডার নেতারা।

এ বিষয়ে মোংলা কাস্টম হাউসের কমিশনার একেএম মাহবুবুর রহমান বলেন, সম্প্রতি অ্যাম্বুলেন্স আমদানির ঘোষণায় এমন কিছু গাড়ি আনা হয়েছে, যেগুলো পরে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হয়নি। এর মধ্যে নোয়া এবং ভক্সি মডেলের গাড়ি রয়েছে। সে বিষয়ে কাস্টমস এবং সরকারের দুটি সংস্থা তদন্ত করছে। তদন্ত রিপোর্টের পর আমদানি হওয়া অ্যাম্বুলেন্স ছাড় দেওয়া হবে।

এ ছাড়া অ্যাম্বুলেন্সসহ মোংলা বন্দরে ১০২৩টি গাড়ি শুল্কায়নের অপেক্ষায় রয়েছে। সেগুলো দুই মাস ধরে শুল্ককর দিচ্ছেন না আমদানিকারকরা। এসব গাড়ি এখন নিলামযোগ্য হয়ে গেছে। তবে আইন মেনে প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং শুল্ককর দিলে কায়িক পরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে এসব গাড়ি শুল্কায়ন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা