× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরে ঝড়ের কবলে পড়ে লবণবাহী নৌকাডুবি, উদ্ধার ২৬ মাঝিমাল্লা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ মে ২০২৪ ২০:৩২ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ২০:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া অন্তত ১৫টি নৌকার ২৬ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (৮ মে) সকালে চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের মহেশখালী পর্যন্ত এলাকায় উত্তাল সাগরে লবণবোঝাই নৌকাগুলো ডুবে যায়।

কোস্ট গার্ড পূর্বাঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. সুয়াইব বিকাশ জানান, সকাল ৮টা ২০ মিনিটের দিকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে সাঙ্গু নদীর মোহনা, আনোয়ারার উঠান মাঝির ঘাট, বারো আউলিয়ার ঘাট, দোভাষী বাজার ঘাট থেকে বাঁশখালী, মহেশখালী পর্যন্ত এলাকায় লবণবোঝাই একাধিক নৌকা ডুবে যায়।

জানা গেছে, তিন দিন পর আবহাওয়া পরিস্থিতি ভালো দেখে কক্সবাজারের কুতুবদিয়া থেকে লবণের চালান নিয়ে সাগরে নামে অন্তত ৬০টি কাঠের নৌকা। গন্তব্য ছিল চট্টগ্রাম নগরীর মাঝিরঘাটে লবণের গুদাম। মাঝসাগরে ঝড়ের কবলে পড়ে কয়েকটি নৌকা ডুবে যায়। উত্তাল সাগরে মাঝি ও লবণশ্রমিকরা কোনো রকমে বাঁচার চেষ্টা করেন। সাঁতার কেটে ও কাঠের ওপর ভেসে তাদের অনেকে পৌঁছান শঙ্খচর নামে একটি স্থানে। খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা শঙ্খচর ও আশপাশের এলাকা থেকে ২৬ জনকে উদ্ধার করে।

উদ্ধারের পর তাদের নগরীর পতেঙ্গায় কোস্ট গার্ডের পূর্বাঞ্চলের ক্যাম্পে নিয়ে আসা হয়। মাঝি ও লবণশ্রমিকরা এ সময় ভীতসন্ত্রস্ত ও ক্লান্ত ছিলেন। পরে পরিবারের সদস্যদের পেয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

কোস্ট গার্ড কর্মকর্তা সুয়াইব বিকাশ বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী লবণবোঝাই ১২ থেকে ১৫টি নৌকা ডুবে গেছে। মাঝিরা প্রাণে বাঁচতে সাগরে ঝাঁপ দিয়ে ভাসতে থাকেন। এদের মধ্যে আমরা ২৬ জনকে উদ্ধার করেছি। তাদের পতেঙ্গায় এনে প্রাথমিক চিকিৎসা ও সেবা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও কেউ নিখোঁজ কিংবা ভাসমান অবস্থায় আছে কি না, সেটা তল্লাশি করে দেখছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা