বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৬:৩৩ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪ ১৬:৫৯ পিএম
সন্দেহভাজন দুই কেএনএফ সহযোগীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রবা ফটো
বান্দরবানে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হলে বুধবার (৮ মে) দুপুর ২টার সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল হক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
গ্রেপ্তাররা হলেন, বান্দরবান রুমা উপজেলার দার্জিলিং পাড়ার বোয়াল তিং বমের ছেলে জিরসাং লিয়াং বম এবং সাংসিম বমের ছেলে এন্ডুসরেন্ট বম।
পুলিশ জানায়, মঙ্গলবার রুমা দার্জিলিংপাড়া থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কেএনএফের সহযোগী সন্দেহে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বলেন, ‘কেএনএফ সহযোগী সন্দেহে দুজনকে রুমা অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
রুমা ও থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় ৯টি মামলায় এ পর্যন্ত ২২ জন নারীসহ ৮৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার মধ্যে বিভিন্ন সময়ে ৫৬ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। অপহরণের দুদিন পরে ব্যাংক ব্যবস্থাপককে উদ্ধার করে র্যাব। সশস্ত্র সংগঠন কেএনএফ এ সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।
সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী।