উপজেলা পরিষদ নির্বাচন
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৪:৩৩ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪ ১৬:৩৯ পিএম
বুধবার সকালে উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রবা ফটো
নরসিংদী সদরের একটি ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
বুধবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আনারস প্রতীকের সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাধা দেয় কাপ-পিরিচের সমর্থকরা। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়।
প্রিসাইডিং অফিসার কাউছার আহমেদ জানান, দুপক্ষের সংঘর্ষে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার ফলে ৪৫ মিনিট বন্ধ থাকে ভোটগ্রহণ। পরবর্তীতে পুনরায় চালু হয় কেন্দ্রটি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।