মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪ ২৩:১৮ পিএম
প্রবা ফটো
মৌলভীবাজারে আদালতের বিচারপ্রার্থীদের বিশ্রামসহ নানা সুযোগ-সুবিধাসংবলিত ন্যায়কুঞ্জের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার (৩ মে) বিকালে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘দেশের আদালতগুলোতে বিচারপ্রার্থীদের পানি, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়েদের জন্য একসময় কোনো স্থান ছিল না। এসব স্থানসংবলিত ন্যায়কুঞ্জের ধারণাটি সাবেক প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে দেশের সব জেলার আদালত চত্বরে ন্যায়কুঞ্জ স্থাপনের নির্দেশ দেন। এরই মধ্যে সারা দেশে ন্যায়কুঞ্জ করা হয়েছে। মৌলভীবাজারেও ন্যায়কুঞ্জ উদ্বোধন হলো। সাধারণ বিচারপ্রার্থীরা এটা ব্যবহার করতে পারবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর, জেলা প্রশাসক উর্মি বিনতে সালামসহ আদালতের বিভিন্ন স্তরের বিচারক, আইন কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
২০২৩ সালের ৪ জুলাই মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ন্যায়কুঞ্জর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।