চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ২১:৪৫ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২২ ১৫:২৬ পিএম
অনাবাদি কৃষি জমিতে লাল পতাকা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় পর পর তিন বছর আবাদ না করে ফেলে রাখা কৃষি জমিগুলোতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার ২ একর ৫১ শতক অনাবাদি জমি সরকারি খাস খতিয়ানে নেয়ার জন্য এ লাল পতাকা টাঙানো হয়।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি অনাবাদি রাখায় জমিগুলোতে লাল পতাকা টাঙিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান।
ভূমি অফিস থেকে জানা গেছে, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী কোনো কৃষিজমি পরপর তিন বছর অনাবাদি রাখা হলে তা খাস করার বিধান রয়েছে। এ ধারায় বিভিন্ন সময়ে মাইকিং, লিফলেট বিতরণ সব ভূমি মালিককে এ বিষয়ে অবহিত করা হয়। পরে লোহাগাড়া উপজেলার তিনটি ইউনিয়নে ভূমি অফিসের আওতাধীন অনাবাদি জমিগুলো খাস করার জন্য লাল পতাকা টাঙানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান বলেন, ‘উপজেলার ৩ ইউনিয়নে ২ একর ৫১ শতক জমি অনাবাদি রয়েছে। জমিগুলো খাস করার জন্য লাল পতাকা টাঙানো হয়েছে। এ সব জমিতে পাতাকা টাঙিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ ছাড়া ভূমি মালিকদের পড়ে থাকা জমি কৃষি উপযোগী করে চাষাবাদের আওতায় আনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘চলমান বৈশ্বিক সংকটের প্রভাব সব দেশেই পড়েছে। আর এ সংকট মোকাবিলায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ছাড়া কোনো বিকল্প নেই। খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনাবাদি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিচ্ছেন। আগেও সবাইকে বিভিন্নভাবে এ বিষয়ে জানানো হয়। কিন্তু তারা জমি অনাবাদি রাখায় উপজেলা প্রশাসন ও রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি নেয়া হয়।’